প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’

বরিশালের চরমোনাই ঘাট এলাকায় ভাটার টানে কাত হয়ে ডুবে গেছে রিজার্ভ লঞ্চ ‘মানিক-০৪’। বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে স্বস্তির বিষয়, লঞ্চটিতে কোনো যাত্রী বা কর্মী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
লঞ্চ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চটি ভোরে চরমোনাই পৌঁছে যাত্রী নামিয়ে ঘাটে নোঙর করা হয়। সে সময় নদীর পানি স্বাভাবিক থাকলেও দুপুরে ভাটা শুরু হলে পানির স্তর দ্রুত কমতে থাকে। এতে লঞ্চটির পেছনের অংশ নদীর তলদেশে বসে যায় এবং একপর্যায়ে ভারসাম্য হারিয়ে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি পর্যাপ্তভাবে শক্ত করে বাঁধা ছিল না। ভাটার সময় পানি কমে যাওয়ায় পেছনের অংশ নদীর তলদেশে আটকে পড়ে এবং সামনের অংশ কিছু সময় ভেসে থাকলেও পরে সেটিও পানির নিচে তলিয়ে যায়।
ঘটনার সময় লঞ্চে কোনো যাত্রী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে থাকা চরমোনাই মাহফিলে অংশ নিতে আসা মুসল্লিদের কিছু ব্যক্তিগত সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বলেন, “যাত্রী নামানোর পর লঞ্চটি খালি অবস্থায় ঘাটে নোঙর করা ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় লঞ্চটি ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও বড় ধরনের দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
Copyright © 2026 Times of Barisal. All rights reserved.