
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিতদের বিভিন্ন অঙ্কে অর্থদণ্ডও করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বরিশাল বিভাগীয় বিশেষ আদালতের বিচারক আবু জাফর মো. নোমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন— মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার সৈয়দ মোহাম্মদ নাসিম, দলনেতা মোহাম্মদ নিজাম উদ্দিন, দলনেত্রী শাহানারা বেগম, শাহীদা বেগম ও তাসলিমা বেগম।
রায় ঘোষণার সময় ফিল্ড অফিসার সৈয়দ মোহাম্মদ নাসিম আদালতে উপস্থিত ছিলেন। তবে বাকি চারজন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সৈয়দ মোহাম্মদ নাসিমকে পৃথক দুই ধারায় দুই বছর ও তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া মোহাম্মদ নিজাম উদ্দিনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাহানারা বেগম ও তাসলিমা বেগমকে দুই বছর করে কারাদণ্ড এবং ৮০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। শাহীদা বেগমকে দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও দুই মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সাল থেকে ২০০৭ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত তারা মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত ছিলেন। ওই সময় তারা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে কার্যালয়ের ঘূর্ণায়মান তহবিল থেকে মোট ৪ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০০৯ সালের ২৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মো. আব্দুর রহিম জোয়ারদার বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছরের ২৬ ডিসেম্বর তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেছেন।