মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের খন্তাখালী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় অতিরিক্ত দামে ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে মুদি দোকানদার আঃ রশিদ আকনকে আটক করেন প্রশাসন। তার স্বীকারোক্তিতে এক আত্মীয়ের বাড়ির আঙিনা থেকে ৬০০ লিটার ডিজেল(তিন ব্যারেল) ও ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
বিকেল ৫ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
পরবর্তীতে অভিযুক্ত আঃ রশিদ আকন ৩০ হাজার টাকা নগদ জরিমানা প্রদান করে মুক্তি পান।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, যে বা যাহারা জ্বালানি তেল মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করবেন তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।