প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার চিড়াপাড়া নদী ও নদীর পাশে বিভিন্ন খালে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর নির্দেশনায় উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান ও নৌ পুলিশের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে ১২টি অবৈধ চরগড়া জাল জব্দ করেছে।
জব্দকৃত ১৫ হাজার মিটার জালের আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে ধারণা করছে মৎস্য বিভাগ।
অভিযান শেষে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান বলেন,জাটকা রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় নদ-নদী ও খালে কোনোভাবেই অবৈধ জাল ব্যবহার করতে দেওয়া হবে না। যারা আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা রক্ষায় জেলে পাড়াগুলোতে সচেতনতামূলক সভা এবং নদীতে নিয়মিত টহল অব্যাহত থাকবে।
Copyright © 2026 Times of Barisal টাইমস অফ বরিশাল. All rights reserved.