প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
কাউখালী ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে
পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসে ডিসিআর (ডুপ্লিকেট চালান রেজিস্টার) ব্যবহারের মাধ্যমে সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে পেশকারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ভূমি অফিসের পেশকার আলী আজগরের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে কাউখালী উপজেলা প্রশাসন।
জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে চান্দিনা ভিটির লীজমানি আদায়ের জন্য কয়েকটি ডিসিআর বহি পেশকার আলী আজগরের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ রয়েছে, তিনি এসব বহির রশিদ ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা আদায় করলেও তা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেননি। বরং কোনো প্রকার অনুমোদন বা কর্তৃপক্ষকে অবহিত না করেই টাকা নিজের হেফাজতে রেখে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি ডিসিআর বহি ব্যবহার অব্যাহত রাখেন, যা সরকারি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের হার অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে। উপজেলা নির্বাহী অফিসার রাজস্ব আদায় ও জমার হিসাব পর্যালোচনা করতে গিয়ে ডিসিআর বহিতে আদায় ও জমার মধ্যে বড় ধরনের গরমিল দেখতে পান।
পরবর্তীতে বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে রাজস্ব ফাঁকির আশঙ্কা নিশ্চিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আসাদুজ্জামান অভিযুক্ত পেশকারের কাছে ব্যাখ্যা চান। তবে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে ‘কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না’—এ মর্মে শোকজ নোটিশ প্রদান করা হয়।
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা মনে করেন এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে সরকারি রাজস্ব খাতে বড় ধরনের ক্ষতির পাশাপাশি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভূমি অফিসে পেশকার আজগর আলীর কাছে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, সরকারি টাকা অবশ্যই জমা দিয়ে দেব। সময়ের অভাবে টাকা জমা দিতে একটু বিলম্ব হয়েছে। এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, অনিয়মের বিষয়টি ধরা পড়ায় বিধি অনুযায়ী তাকে নোটিশ প্রদান করা হয়েছে।নোটিসের কোন জবাব এখনো পাওয়া যায়নি।জবাব পাওয়ার পরে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 Times of Barisal টাইমস অফ বরিশাল. All rights reserved.