বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ন্যায্যমূল্যে পেট্রোল ও ডিজেল বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের দক্ষিণ বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিয়াজুর রহমানের উদ্যোগে স্থানীয় তমাল পালের দোকানের সামনে এই তেল বিক্রি করা হয়। এসময় পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা দরে নির্ধারণ করা হয়। প্রতিজন ক্রেতাকে সর্বোচ্চ ৫ লিটার করে তেল সরবরাহ করা হয়।
এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। তারা বলেন, বাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতির কারণে ভোগান্তি বেড়েছিল, সেখানে প্রশাসনের এই উদ্যোগ তাদের জন্য সহায়ক হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনি জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং ন্যায্যমূল্যে জ্বালানি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।