কাজিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল রানা খুলনা থেকে গ্রেফতার
এস এম শাহ আলম
বরিশালের কাজিরহাট এলাকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, টঙ্গী থানার মামলা নং-১৯(০৪) ০৮, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ১(খ) ধারায় ২০১২ সালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা (৪২) দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায়, খুলনা র্যাবের সহযোগিতায় তাকে খুলনা সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানার পিতার নাম আব্দুল খালেক। তার বাড়ি বরিশাল জেলার কাজিরহাট থানার গৌরিপুর এলাকায়।
গ্রেফতারের পর তাকে কাজিরহাট থানায় নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, দীর্ঘদিন পলাতক থাকা আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।