
বরিশালের গৌরনদী উপজেলায় চুরির ঘটনায় গৃহকর্তা সিন্টু তালুকদার গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (তারিখ) সকালে এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে গৃহকর্তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে যান। এ সুযোগে এক চোর কৌশলে বসতঘরে প্রবেশ করে চুরি করতে থাকে। কিছুক্ষণ পর সিন্টু তালুকদার বাড়িতে ফিরে ঘরে ঢুকে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আসিফ ফকিরকে হাতেনাতে ধরে ফেলেন।
এ সময় সিন্টু তালুকদার তাকে আটক করার চেষ্টা করলে আসিফ ফকির তার চোখে আঙুল দিয়ে আঘাত করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে এবং মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত আসিফ ফকির তার ঘর থেকে নগদ ৪ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। স্থানীয়দের মতে, আসিফ এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।