পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসরনে বিভাগীয় কমিশানরসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রশাসনের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা। বৈঠকের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনদের জরুরি ভিত্তিতে ডাকা হয়। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইসরাত জাহান লিজা, কলা অনুষদের ডিন ড. আব্দুল বাতেন, কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন রাহাত হোসেন ফয়সাল এবং জীববিজ্ঞান অনুষদের ডিন হাফিজ আশরাফুল ইসলাম বৈঠকে উপস্থিত হন।
দীর্ঘ আলোচনার পর বৈঠক শেষে উপাচার্য ও বিভাগীয় কমিশনার উপস্থিত সাংবাদিকদের জানান, আন্দোলনরত শিক্ষক ও ডিনরা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু করার বিষয়ে সম্মতি দিয়েছেন।
এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘তারা (বিভাগীয় কমিশনার ও উপাচার্য) আমাদের বলেছেন আপনারা আইন অনুযায়ী সকল কিছু পাবেন। তারা আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্লাসে ফিরে যাবার অনুরোধ জানিয়েছেন। এখন যেহেতু পূর্ববর্তী পুরো সিদ্ধান্তটা আমরা সকল শিক্ষকরা মিলে নিয়েছিলাম তাই আবার সকল শিক্ষকদের সাথে রবি—সোমবারের মধ্যে বসে,আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবো।’
ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, ‘চলমান বিষয় নিয়ে আজকে বিভাগীয় কমিশনার ও ভিসি মহোদয় এর সাথে ডিনদের মিটিং ছিল, সেখানে ছয় অনুষদের ছয়জন ডিনের মধ্যে পাঁচজন ডিন উপস্থিত ছিলেন। তারা (বিভাগীয় কমিশনার ও ভিসি) আমাদের দাবির কিছু বিষয়ে আমাদের সাথে একমত পোষন করছেন এবং তারা বলেছেন যত দ্রুত সম্ভব শিক্ষকদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে যত দ্রুত সম্ভব কর্মকর্তা— কর্মচারীদের জন্যও বোর্ড বসানো হবে। এ ছাড়াও তারা আমাদের ক্লাস এবং পরিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানান।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মাদ তৌফিক আলম বলেন, ‘আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কমিশনার, ডিআইজি ডিনদের সঙ্গে একটা ত্রিপক্ষীয় মিটিং হয়েছে। মিটিংয়ে আমরা সৌভাগ্যপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে সিন্ধান্ত নিয়েছি যে, ক্লাস পরীক্ষা যেগুলো বন্ধ রয়েছে সেগুলো, একাডেমিক কার্যক্রম শিক্ষকরা খুব দ্রুতই চালু করবে। একই সঙ্গে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানের জন্য আগামী সিন্ডিকেটে সিন্ধান্ত নেওয়া হবে। খুব শীঘ্রই একটা সিন্ডিকেট সভা ডাকা হবে। সিন্ডিকেটে বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে ডিসিশন নেওয়া হবে।’