
বরিশালের বাকেরগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে তিন স্কুলছাত্রীকে ঢাকার কদমতলী এলাকা থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো—বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা (১৪), হাফসা (১৪) ও নাদিয়া (১৪)। তারা সবাই উপজেলার দাড়িয়াল এলাকার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে তিন শিক্ষার্থী নিজ নিজ বাসা থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একইসঙ্গে তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পরিবারের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমান নিখোঁজ শিক্ষার্থীদের দ্রুত ও নিরাপদে উদ্ধারের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করে।
পুলিশের দাবি, নিরবচ্ছিন্ন অভিযানের মাধ্যমে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার কদমতলী থানাধীন ‘ঢাকা ম্যাচ ফ্যাক্টরি’ এলাকা থেকে তিন শিক্ষার্থীকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরা এবং বরিশাল জেলা পুলিশ ও বাকেরগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিন শিক্ষার্থী কীভাবে ঢাকায় পৌঁছেছিল এবং তাদের নিখোঁজ হওয়ার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না—তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান চলছে বলে জানা গেছে।