
বরিশালের মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ও ব্লক ফেলে তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন নদীর তীরে নিজ হাতে জিও ব্যাগ ফেলে কাজের উদ্বোধন করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দে প্রকল্পটির আওতায় মোট ২৯টি প্যাকেজে ১১ দশমিক ০৪ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধ নির্মাণ ও নদীতীর সংরক্ষণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙনের ঝুঁকিতে থাকা এলাকার বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় নদীভাঙনের কারণে বসতভিটা ও কৃষিজমি হারিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। নদীভাঙন রোধে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাজীব আহসানের সঙ্গে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল, প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম সৈকতসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা।
এ ছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আমির হোসেন ও মাহফুজুর রহমান এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।