
ঝালকাঠির নলছিটি উপজেলার ২ নম্বর মগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় সরকারি খাস জমি দখল করে একটি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও পুলিশি উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর মগর ইউনিয়নের বাসিন্দা জামাল মোল্লা, ইব্রাহিম মোল্লা, সাইদুল মোল্লা, আশিক মোল্লা এবং আল-আমিন (পিতা: নেছার আলী মোল্লা)-এর বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন খানবাড়ির আব্দুল মজিদ খান (পিতা: মোজাহার আলী খান), আনসার আলী খান (পিতা: সুরত আলী খান) ও মহিউদ্দিন খান (পিতা: মৃত শামসের আলী খান)।
ভুক্তভোগী আব্দুল মজিদ খান জানান, তাদের বাড়িতে চারটি পরিবার বসবাস করে এবং মোট ২০ থেকে ২৫ জন মানুষের একমাত্র যাতায়াতের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তিনি অভিযোগ করে বলেন, “মোল্লা বাড়ির লোকজন দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। সামান্য কথা কাটাকাটি হলেই তারা রাস্তা বন্ধ করে দেয়। এতে আমাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।”
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদ, থানা পুলিশ এবং সালিশ বৈঠকে আলোচনা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এ কারণে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে নলছিটি থানার দায়িত্বপ্রাপ্ত এসআই সোহেল সাংবাদিকদের জানান, “ওসি মহোদয়ের নির্দেশে কয়েকবার উভয় পক্ষকে নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে। তবে এখন পর্যন্ত স্থায়ী সমাধান সম্ভব হয়নি।”
এদিকে স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এ বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।