
বরিশালের মেহেন্দিগঞ্জ থানা প্রাঙ্গণে প্রকাশ্য নিলামের মাধ্যমে জব্দকৃত ২৮টি গরু ১৬ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ নিলামে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত ক্রেতারা অংশ নেন।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিশাল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেন এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন। তাদের তত্ত্বাবধানে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকাশ্য নিলাম সম্পন্ন হয়।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৩টি এবং ২৪ মে ২০২৬ তারিখে আরও ২৫টি চোরাই গরু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত গরুর বিষয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হলে গত ২৬ জুলাই ২০২৬ তারিখে আদালত ২৮টি গরু নিলামে বিক্রির আদেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী শনিবার প্রকাশ্য নিলামে গরুগুলো বিক্রি করা হয়। নিলামে নোয়াখালী, বরিশাল, চরমোনাইসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ক্রেতারা অংশ নেন। প্রতিযোগিতামূলক দর আহ্বানের মাধ্যমে সবগুলো গরু মোট ১৬ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ আদালতের নির্দেশনা অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।