
বরিশালের মুলাদী উপজেলায় নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাকির হোসেন ব্যাপারী চরকালেখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের মৃত মহব্বত আলী ব্যাপারীর বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জাকির হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর সন্ধান চেয়ে প্রচার চালানো হয়।
শনিবার বিকেলে ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি ডোবায় জাগ দেওয়া পাটের নিচে একটি মানুষের পা দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা মুলাদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্বজনরা মরদেহটি জাকির হোসেনের বলে শনাক্ত করেন।
নিহতের স্বজনদের দাবি, জাকির হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
এ বিষয়ে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।