
বরিশাল জেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে একটি বসতঘরের চাল খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী খালেক খানের স্ত্রী বকুল জানান, প্রায় আট মাস আগে তিনি জসিম শিকদার ও মহিউদ্দিনের কাছ থেকে ২৬ শতাংশ জমি নোটারি পাবলিকের মাধ্যমে আনরেজিস্ট্রি সাব-বিক্রয়নামা দলিল (সিরিয়াল নং-৩১৫) সম্পাদনের মাধ্যমে ক্রয় করেন। জমি বিক্রেতারা তাদের জমির দখল বুঝিয়ে দিলে সেখানে একটি ঘর নির্মাণ করা হয়।
তার অভিযোগ, গত বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় জাহাঙ্গীর বেপারী, হামেদ খান ও হারুন বিশ্বাসসহ কয়েকজন ওই ঘরের চাল খুলে নিয়ে যান।
খালেক খানের মেয়ে লাইজু বলেন, “আমার ভাই জামাল প্রবাসে থাকেন। আমার আর কোনো ভাই নেই। বাবা কিছুদিন আগে মারা গেছেন। আমাদের তেমন কোনো প্রভাব বা লোকবল না থাকায় হামেদ খান লোকজন নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।”
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।