
বরিশালের হিজলা উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় ওই গৃহবধূর স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ করেছেন ভুক্তভোগী। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত জয়নাল বাঘা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর চরমেমানিয়া গ্রামের বাসিন্দা। তিনি আ. রশিদ বাঘার ছেলে এবং পেশায় একজন জেলে।
ভুক্তভোগী জয়নাল বাঘার অভিযোগ, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে গত রোববার দুপুরে একই গ্রামের ইমাম বাঘার ছেলে নাজমুল বাঘা (২৬) ও সাইফুল বাঘা (২০) তার স্ত্রীকে কুপ্রস্তাব দেয়। বিষয়টি দেখতে পেয়ে তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, হামলার একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার একটি পা ভেঙে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হিজলা থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।