
বরিশাল জেলার কাজিরহাট থানার আন্দার মানিক ইউনিয়নের এক নাবালিকাকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত জামাল মাঝিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালে হিজলা উপজেলার নরসিংহপুর গ্রামের আলমগীর মাঝির ছেলে জামাল মাঝি প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে আন্দার মানিক ইউনিয়নের শাহাবুদ্দিনের নাবালিকা মেয়ে সাদিয়াকে নিয়ে যায়। দীর্ঘ সময় মেয়ের সন্ধান না পেয়ে সাদিয়ার বাবা শাহাবুদ্দিন কাজিরহাট থানায় মামলা দায়ের করেন।
মামলাটি মামলা নং—১১(৫)/২০২৬ হিসেবে রুজু করা হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়।
মামলার প্রায় দুই মাস পর কুমিল্লার একটি ভাড়াবাসা থেকে সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ভিকটিমের বাবা শাহাবুদ্দিন দাবি করেন, “আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৩ মার্চ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সুষ্ঠু বিচার এবং আসামির সর্বোচ্চ শাস্তি চাই।”
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন অভিযুক্ত জামাল মাঝি কুমিল্লায় অবস্থান করছেন। এরপর পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১৬ আগস্ট ২০২৬ তাকে গ্রেপ্তার করে কাজিরহাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পরদিন অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে অভিযুক্ত জামাল মাঝির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ভিকটিমের পরিবার ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং মামলার দ্রুত বিচার ও দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।