
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আইন—শৃঙ্খলা পরিস্থিতি, খাদ্য নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা আইন—শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমান—এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনউদ্দিন, কাজিরহাট থানার ওসি, কোস্ট গার্ড ও নৌবাহিনীর প্রতিনিধিরা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
সভায় বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “মাত্র একজন স্যানিটারি ইন্সপেক্টর দিয়ে পুরো মেহেন্দিগঞ্জ উপজেলার তদারকি করা সম্ভব নয়। পৌরসভার বন্দরে একজন ডিপ্লোমা স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ দিলে হোটেল, রেস্তোরাঁ, বেকারি ও মিষ্টির দোকানগুলো নিয়মিত পরিদর্শন করা সম্ভব হবে। এতে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহজ হবে।”
তিনি আরও জানান, খাদ্যে বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) আক্রান্ত হয়ে সম্প্রতি অনেক শিশু মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সভায় আইন—শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রাত ৯টার পর অপ্রয়োজনীয়ভাবে স্কুল—কলেজের শিক্ষার্থীদের বাজার ও জনসমাগমস্থলে ঘোরাফেরা করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিনউদ্দিন সকল শ্রেণি—পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ এককভাবে সফল হতে পারবে না; এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও তথ্য সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত বক্তারা সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।