প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় চারটি ইউনিয়নে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
জানা গেছে, সকাল সাড়ে ১১টায় উপজেলার চর এককরিয়া ইউনিয়নের দাদপুর খেলার মাঠ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উত্তর উলানিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার নতুন সড়ক, ৫ নম্বর সদর ইউনিয়নের বাজিতখা এলাকা এবং ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ নতুন সড়ক এলাকায় নিজ হাতে প্রায় ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, সকাল থেকেই বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। বৃষ্টির মধ্যেও তার এ কর্মসূচি স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসিত হয়।
এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।