রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে বিএনপির দুই কর্মীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক এবং অপরজন প্রাপ্তবয়স্ক বলে জানা গেছে।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্দেহজনক আচরণের ভিত্তিতে দায়িত্বরত কর্মকর্তারা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা রিটার্নিং অফিসার কাউসার হামিদকে অবহিত করা হলে তিনি সরেজমিনে কেন্দ্রে উপস্থিত হয়ে তদন্ত করেন।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুইজনকে জাল ভোটার হিসেবে সনাক্ত করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। পরে কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করেন।
এ ঘটনায় কিছু সময়ের জন্য ভোটকেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a Reply