বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে চশমার দোকান, ঔষধের দোকান, সেলুন, হোটেলের কাঁচামালের দোকান, চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তারা ভাড়া করা ঘরে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। হঠাৎ আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা।
ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘরের মালিক বাবুল হাওলাদার জানান, তার নিজের ২টি ঘর, তার ভাই জাকির হোসেন ও সোলাইমানের ২টি ঘর এবং মুনসুর আলী হাওলাদারের ৩টি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রাজিব আহসান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
Leave a Reply