রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। জেলার ছয়টি আসনেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিশেষ করে বরিশাল-৫ ও বরিশাল-৬—এই দুই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশর সিনিয়র নায়েবে আমির ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
নির্বাচন কার্যালয়ের বেসরকারি ফলাফল অনুযায়ী, বরিশাল-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
প্রাপ্ত ফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট। ফলে প্রায় ৩৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন সরোয়ার।
এ আসনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করীম। এ আসনের মোট ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি, তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট।
অন্যদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন মাত্র ২৮ হাজার ৮২৩ ভোট, যা তাকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বরিশালে দীর্ঘদিন পর বিএনপির এমন একতরফা জয় দলটির সাংগঠনিক শক্তি ও তৃণমূলের সক্রিয়তার প্রতিফলন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কিছু এলাকায়ও প্রত্যাশিত ফল করতে না পারায় দলটির ভেতরে নতুন করে মূল্যায়নের আলোচনা শুরু হতে পারে।
এ নির্বাচনের ফলাফলের মাধ্যমে বরিশালের রাজনীতিতে বিএনপির প্রভাব আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply