রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
কুয়াকাটা—বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুধল মৌ ঢালী বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম জিহাদ (৩৫)। তিনি পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘লাবিবা পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের বাসটি বাকেরগঞ্জের দুধল মৌ ঢালী বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। বাসটির একাংশ পানিতে ডুবে দুমড়ে—মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসটিকে খাদের মধ্যে পড়ে থাকতে দেখি। প্রায় দুই ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শেষে বাসটি খাদ থেকে ওপরে তোলা হয়। এরপর বাসের নিচ থেকে হেলপার জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।
লেবুখালী হাইওয়ে থানা পুলিশের উপ—পরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেন শনিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়লে হেলপার জিহাদ বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply