রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় পৃথক হামলার অভিযোগ উঠেছে। কাঠালিয়ায় জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই নারী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা বাজার এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াত কর্মী মো. জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালাম মেম্বারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ছাত্রদল নেতা জনি হাওলাদারসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, নির্বাচনে জামায়াত সমর্থন ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার জেরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দুলালের বসতঘর ও ওষুধের দোকানে হামলা চালায়। এ সময় দোকানের শাটার ভেঙে ক্যাশবাক্স থেকে প্রায় ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে দুলালের স্ত্রী রানী আক্তারকে মারধর করা হয়।
একই সময়ে কামাল জমাদ্দারের বাড়িতে হামলায় তার স্ত্রী রানু বেগম (৫৬) ও মেয়ে সাবিনা (৩০) আহত হন। এছাড়া রিপন জমাদ্দারের বাড়িতে ভাঙচুর, ফ্রিজ ও বিদ্যুৎ মিটার ক্ষতিগ্রস্ত করা এবং হারুন অর রশিদের বাড়িতে হামলা চালিয়ে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। পাটিখালঘাটা বাজারের একটি ফার্মেসি, একটি চায়ের দোকান এবং ইউনিয়ন জামায়াত কার্যালয়েও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ফুয়াদ জমাদ্দার ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে রাজাপুর উপজেলার ২ নম্বর শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে নির্বাচনের আগে জামায়াতের পক্ষে ভোট চাওয়ার জেরে মো. আসাদ নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর পরিকল্পিতভাবে তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। অনেক নেতাকর্মী বাড়িছাড়া রয়েছেন এবং হুমকির মুখে আছেন। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে ঝালকাঠি-1 আসনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেন, হামলা-ভাঙচুরের অভিযোগের সত্যতা পাওয়ায় পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা পরিবর্তনের রাজনীতি চাই। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনায় জড়ালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। রাজাপুর থানার পক্ষ থেকেও হাতুড়িপেটার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
Leave a Reply