শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
কুমিল্লা—৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ’র পর এবার খেজুর বিতরণ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন পিরোজপুর—১ (সদর—নাজিরপুর—জিয়ানগর) আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি জানিয়েছেন, পিরোজপুর জেলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে মোট ১৩৯ কার্টুন খেজুর পাওয়া গেছে।
বুধবার (১১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ সরকার সরাসরি কাউকে খেজুর দেয় না। বহু বছর ধরে সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে খেজুর পাঠানো হয়। এবারও সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার বাংলাদেশের জন্য খেজুর পাঠিয়েছে।
তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে এসব খেজুর পিরোজপুর জেলায় পৌঁছেছে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১৮ কার্টুন, নাজিরপুর উপজেলায় ২৪ কার্টুন এবং জিয়ানগর উপজেলায় ১৪ কার্টুন খেজুর বরাদ্দ হয়েছে।
এই সংসদ সদস্য আরও বলেন, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলেছেন। উপজেলা প্রশাসন ইতোমধ্যে তিন উপজেলার জন্য মোট ৫৬ কার্টুন খেজুর অসহায় ও দুস্থ মানুষ এবং বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের জন্য তালিকা প্রস্তুত করছে।
তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওয়ার্ডে প্রকৃত উপকারভোগীদের কাছে এসব খেজুর পৌঁছে দেয়া হবে।
Leave a Reply