শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
বুধবার দুপুরের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত এক অভিযানে এনামুল হককে ৩২৬টি ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ আটক করা হয়।
ঘটনার পরদিন বৃহস্পতিবার (১২ মার্চ) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত বিএনপি নেতা এনামুল হকের সঙ্গে নেতা—কর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মো. এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন। প্রতিদিনই তার বাড়িতে বহিরাগত অনেক মানুষ ইয়াবা কিনতে আসতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বাড়ির লোকজন একাধিকবার প্রতিবাদ করলেও তিনি মাদক কারবারি বন্ধ করেননি।
অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সদস্যরা ছদ্মবেশে ওই বাড়িতে ইয়াবা কিনতে যান। এ সময় এনামুল দোতলায় বসে রশির মাধ্যমে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply