পিরোজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট জেলা শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষক-কর্মচারী ঐক্য জোট পিরোজপুর জেলা শাখার সভাপতি গাজী মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার আপ্রাণ চেষ্টা করব। পিরোজপুর জেলার সার্বিক উন্নয়নে আমি শিক্ষক সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।” তিনি আরও বলেন, চাকরি জাতীয়করণের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে এবং জেলা পরিষদের সকল সেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ এনায়েত কবির খান, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ এবং নেছারাবাদ উপজেলার সভাপতি মোঃ মাইনুল হোসেন। এছাড়াও নাজিরপুর উপজেলার সভাপতি মোঃ ইউনুছ আলী ও জিয়ানগর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের এই নিয়োগ জেলার শিক্ষাঙ্গন ও স্থানীয় উন্নয়নের জন্য অত্যন্ত গৌরবের। দীর্ঘ সময় ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার যে ভূমিকা, তা জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করবে। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply