সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
বরিশাল নগরীর পুরাতন বাজারের একটি গরুর মাংসের দোকানে গর্ভবতী গরু জবাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে কে বা কারা অসুস্থ ও গর্ভবতী গরুটি জবাই করেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কেউ তথ্য দিতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, জবাইয়ের পর মৃত গরুর বাচ্চাটি বাজারের রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে একটি কুকুর মৃত বাচ্চাটিকে টেনে নিয়ে যেতে চেষ্টা করলে বিষয়টি অনেকের নজরে আসে। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই ঘটনাটিকে অমানবিক বলে মন্তব্য করেন।
উপস্থিত কয়েকজন বলেন, বাজারে নিয়মিত তদারকি বা মনিটরিং ব্যবস্থা না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় এ ধরনের কাজ করে থাকতে পারে। তাদের মতে, পশু জবাইয়ের ক্ষেত্রে সরকারি বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করা হলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং কার্যক্রম জোরদার করা হলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা সম্ভব হবে।
ঘটনার সত্যতা যাচাই ও দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply