সোমবার, ০৮ Jun ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই

মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিলে লোকমান (৪৮) নামে এক ব্যক্তির ওপর গুলি চালিয়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি ডান হাতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।। ভুক্তভোগীর দাবি, তাঁর ব্যাগে বৈদেশিক মুদ্রাসহ ৬০ লাখ টাকা ছিল।

তবে পুলিশ বলছে, তাঁর কাছে ১৭ লাখের মত টাকা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। টাকার উৎসসহ বিস্তারিত জানতে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ চলছে। সেই সঙ্গে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

আজ রোববার বিকেল ৩টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সালাহউদ্দিন কাদের আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন বলেন, ‘মিলন নামে এক ব্যক্তি টাকা নিয়ে আরেক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। বিকেল ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে তাঁর কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ভিকটিম ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য মুগদা মেডিকেলে পাঠানো হয়েছে।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘তবে কত টাকা ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্যাগের ভেতরে বিদেশি মুদ্রা ছিল বলেও ভিকটিম জানিয়েছেন।’

এ দিকে ঘটনার পর ভুক্তভোগী লোকমান দাবি করেন, দেশি টাকা ও ডলারসহ প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা ছিল তাঁর ব্যাগে। তবে কিসের টাকা সেটি তিনি বিস্তারিত জানাননি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, টাকাগুলো হুন্ডির হতে পারে। তারা ভুক্তভোগীর সঙ্গে এখনো কথা বিস্তারিত কথা হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ওই এলাকার সকল সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো যাচাই–বাছাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক করপোরেট শাখার সামনে অজ্ঞাতনামা ৬ জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে এক ব্যক্তিকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি করে। পরে তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই ব্যক্তি হাতে ও পায়ে মোট গুলিবিদ্ধ হতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ২টি গুলির খোসা উদ্ধার করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost