বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে মেয়ের পরকীয়া সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এক বাবার আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাটোয়ারীকান্দা গ্রামের বাসিন্দা জামাল হাওলাদার (পেশায় মাংস ব্যবসায়ী) গত সোমবার (৩১ মার্চ ২০২৬) রাতে বিষপান করেন।
গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় ছয় মাস আগে জামাল হাওলাদারের মেয়ে লামিয়ার বিয়ে হয় রহুল আমিনের সঙ্গে। তবে বিয়ের আগ থেকেই স্থানীয় জাহিদ হাওলাদারের সঙ্গে লামিয়ার সম্পর্ক ছিল এবং বিয়ের পরও সেই সম্পর্ক অব্যাহত ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিকভাবে বিরোধ চলছিল।
আরও জানা যায়, এ নিয়ে প্রতিবাদ করলে লামিয়ার দাদা বারেক হাওলাদারকে জাহিদ ও তার পরিবারের সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। পাশাপাশি, জামাল হাওলাদার পূর্বে একটি সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং পারিবারিকভাবে অবহেলার শিকার ছিলেন বলেও জানা গেছে।
এলাকাবাসীর দাবি, এসব ঘটনার মানসিক চাপ সহ্য করতে না পেরে জামাল হাওলাদার আত্মহত্যার পথ বেছে নেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ইতোমধ্যে নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply