
পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল কর্মী সৈয়দ মো. সোহাগের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাউফল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী মো. নাইম হোসেন।
নাইম হোসেন (৩০) উপজেলার পূর্ব কালাইয়া গ্রামের বাবলু চৌকিদারের ছেলে। তিনি শৌলা তারের পোল বাজারে কীটনাশক বিক্রির পাশাপাশি ট্রলি গাড়ির ব্যবসা পরিচালনা করেন। অভিযুক্ত সৈয়দ মো. সোহাগ কালাইয়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী নাইমের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন সোহাগ। টাকা না দেওয়ায় প্রায় ২০ দিন আগে সোহাগ তার কয়েকজন সহযোগীকে নিয়ে নাইমের কীটনাশকের দোকানে তালা ঝুলিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় নাইম তালা ভেঙে দোকানটি খুলে ব্যবসা শুরু করেন।
এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ একাধিকবার নাইম ও তার বাবাকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত মঙ্গলবার নাইমকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
নাইমের বাবা বাবুল চৌকিদার জানান, বাজারের একটি তেলের দোকানে ডেকে নিয়ে ট্রলি চালানো ও তরমুজ পরিবহনের বিনিময়ে টাকা দাবি করেন সোহাগ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরে ফোনেও তাকে হুমকি দেওয়া হয়।