পিরোজপুর জেলার এসএসসি ’৯৩ ব্যাচের বন্ধুদের উদ্যোগে ৮ম চীন মৈত্রী (বেকুটিয়া) সেতুর পশ্চিম পাড় সংলগ্ন এলাকা থেকে সেতুর টোল প্লাজা পর্যন্ত সড়কের দুই পাশে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
২০২৪ সালে এই কর্মসূচির আওতায় সড়কের দুই পাশে ৫ হাজারের অধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। ছায়াদানকারী, ফলদ ও ঔষধি গাছের পাশাপাশি সৌন্দর্যবর্ধনকারী গাছও রোপণ করা হয়।
এ বিষয়ে ’৯৩ এসএসসি ব্যাচের বন্ধু ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা বলেন, “বন্ধুত্বের বন্ধনকে আমরা পরিবেশ রক্ষার কাজে লাগাতে চাই। বেকুটিয়া সেতুর এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এখানে গাছ থাকলে পথচারীরা ছায়া পাবে, পরিবেশ সুন্দর হবে। শুধু গাছ লাগিয়েই আমরা থেমে থাকিনি, গাছগুলো টিকিয়ে রাখতে স্থানীয়দের সঙ্গে নিয়ে নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও করেছি।”
এ বিষয়ে ’৯৩ এসএসসি ব্যাচের আরেক বন্ধু পিরোজপুর জেলার সাবেক নির্বাচন অফিসার মিজানুর রহমান বলেন, “বন্ধুত্বের এই বন্ধন শুধু আড্ডার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা সমাজের কল্যাণে কাজ করতে চাই। ৫ হাজার গাছ রোপণ তারই একটি উদাহরণ। ভবিষ্যতেও জেলার উন্নয়নে আমরা একসঙ্গে থাকবো।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিকল্পিতভাবে গাছ লাগানোর ফলে এলাকার সৌন্দর্য বেড়েছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে।
উল্লেখ্য, ৮ম চীন মৈত্রী সেতুর পূর্ব পাড়েও সেতু সংলগ্ন সড়কের দুই পাশে ’৯৩ বন্ধুদের উদ্যোগে ১ হাজারের অধিক তালের বীজ রোপণ করা হয়েছে।
ভবিষ্যতেও জেলার বিভিন্ন সড়কে এ ধরনের সামাজিক বনায়ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন ’৯৩ এসএসসি ব্যাচের বন্ধুরা।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন