
‘ভুয়া জুলাই যোদ্ধা’ নিয়ে সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীতে জাতীয় গণমাধ্যমের এক সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গোপাল হালদার পটুয়াখালীতে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) হিসেবে কর্মরত।
অভিযোগ অনুযায়ী, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের নেতৃত্বে ১৮—২০ জনের একটি দল গোপাল হালদারের ওপর হামলা চালায়। এতে তার বাম পা ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই শহিদ ও আহতদের তালিকায় ভুয়া নাম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন গোপাল হালদার। প্রতিবেদনে মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে ভুয়া সনদ ব্যবহার করে জুলাই যোদ্ধার সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ তুলে ধরা হয়। এর জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন সাংবাদিক ও তার স্বজনরা।
গোপাল হালদারের ভাই সুমন হালদার জানান, হামলার ভিডিও দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।গোপাল হালদার জানান, এর আগেও একই প্রতিবেদনকে কেন্দ্র করে তাকে হুমকি দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাতে পটুয়াখালী জেলা ছাত্রশক্তির আহ্বায়কের নেতৃত্বে তার ওপর হামলা করা হয়।
অভিযোগের বিষয়ে জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।