
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা গ্রামে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ ও অভিমানের জেরে তপু হাওলাদার (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পূর্ব পাশের বাগানে একটি আমগাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত তপু হাওলাদার ওই গ্রামের মোতালেফ হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুধল ইউনিয়নের গোমা গ্রামের হাবিব হাওলাদারের মেয়ে উর্মির সঙ্গে পারিবারিকভাবে তপুর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী উর্মি এবং শ্বশুর-শাশুড়ির সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তপুর বিরোধ চলে আসছিল। এ কারণে স্ত্রী উর্মি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবার সূত্রে আরও জানা যায়, পাঁচ দিন আগে তপুর স্ত্রী উর্মি একটি সন্তান জন্ম দেন। সন্তানের জন্মের খবর পেয়ে তপু শ্বশুরবাড়িতে গেলে স্ত্রীর সঙ্গে আবারও পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের বাগানে গিয়ে আমগাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।