
বরিশালের বানারীপাড়ায় ১৭ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি সাইমন বেপারীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২১ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআরবির সহায়তায় থানা পুলিশের একটি দল আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাইমনকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর বানারীপাড়া উপজেলার বালীপাড়া গ্রামের ওই তরুণী প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির পুকুরে গোসল করতে যান। এ সময় তাঁর মা বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে গিয়েছিলেন। পরে বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির বারান্দায় অভিযুক্ত সাইমনকে মেয়েটির ওপর নির্যাতন চালাতে দেখে চিৎকার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ১৯ অক্টোবর রাতে সাইমন বেপারীর বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সাইমন উপজেলার বালীপাড়া গ্রামের আব্দুল বেপারীর ছেলে।
ওসি মজিবুর রহমান জানান, ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান—স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।