
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ভান্ডারিয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন সারাদেশে চলমান অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এসব নাশকতা কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, “আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশে যে আগুন সন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে, তা জনগণের জানমালের জন্য চরম হুমকিস্বরূপ। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে প্রতিহত করবে।
রাজনৈতিক কর্মসূচির নামে যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি—বেসরকারি সম্পত্তি ধ্বংস করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সারাদেশের ন্যায় ভান্ডারিয়ায় আগুন সন্ত্রাসের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ভান্ডারিয়াবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সরকার জনগণের পাশে আছে। নাশকতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এলাকার শান্তি—শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। ভান্ডারিয়ার উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভান্ডারিয়াসহ পিরোজপুর—২ আসনের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে চলমান উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে। প্রকল্পে যেকোনো অনিয়ম—দুর্নীতি তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জমাদ্দার, ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সাংবাদিক রিয়াদ আহমেদ মিঠু, সাংবাদিক এইচ এম জুয়েল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মোল্লা জমাদ্দার, ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, ভান্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।