
মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন, অতিথিদের আপ্যায়নে করা হয়েছে রান্নাবান্নাও কিন্তু নির্ধারিত দিনে বিয়ের আসরে আসেননি বর। অভিযোগ উঠেছে, যৌতুকের টাকা না দিলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বরপক্ষের লোকজন।
শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে ঘটেছে এ ঘটনা।
এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কনে ওমান প্রবাসী নারী খয়রুন বেগম।
থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, বাদি খয়রুন বেগম (৩৫) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের মন্তু মিয়ার মেয়ে।
তিনি ওমান প্রবাসী থাকাকালীন একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলীর (৪০) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। অভিযোগ অনুযায়ী, প্রবাসে অবস্থানকালে বিভিন্ন সময়ে আবাছ আলীকে তিন লাখ ৫০ হাজার টাকা দেন খয়রুন বেগম। প্রায় এক মাস আগে দেশে ফেরার পর উভয় পরিবারের সম্মতিতে গত ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের আগে বিবাদীপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিবাদীরা বাদি খয়রুন বেগমের বাড়িতে এলে সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ এক লাখ ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়।
ওই নারী অভিযোগ করেন, বিয়ের দাওয়াত অনুযায়ী আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন অনুষ্ঠানে উপস্থিত হন এবং বরযাত্রীদের আপ্যায়ন ও রান্নাসহ আনুষঙ্গিক খাতে প্রায় দুই লাখ টাকা খরচ করা হয়।
কিন্তু শুক্রবার দুপুর নাগাদ বরপক্ষ না আসায় যোগাযোগের চেষ্টা করলে বরপক্ষ জানায়, মোটরসাইকেল কিনা বাবদ যৌতুক হিসেবে আরও দেড় লাখ টাকা দিতে হবে। তা না দিলে বিয়ে হবে না। তবে অনেক অনুরোধ করেও বরপক্ষকে রাজি করানো যায়নি।
ভুক্তভোগী ওই নারীর (কনে) বড় ভাই মইন উদ্দিন বলেন, আমার বোনকে বিয়ের দিন বধূ সাজে সজ্জিত করা হয়। সমাজের লোকজন বিয়ের খাবারও খেয়ে গেছেন কিন্তু যৌতুকের জন্য বরপক্ষ আসলো না। এখন সমাজে মুখ দেখাবো কী করে? বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।
যৌতুক দাবির অভিযোগটি অস্বীকার করে বরের ভাই ইয়াসিন মিয়া বলেন, আমরা এক টাকাও যৌতুক নেইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নিয়েছি । আমার ভাই এবং ওই মহিলা একসঙ্গে প্রবাসে ছিলেন, সেখানে মেয়ের আগের বিয়ে ও সন্তান আছে জেনেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পেয়ে পুলিশের একটি দল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দেন। বিষয়টি নিষ্পত্তি করতে না পারলে পরে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।