
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে রাস্তার পাশের বন বিভাগের গাছ কেটে পাচারের চেষ্টার মূল হোতা মো. হাবিবুর রহমান ডাকুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ২০২৬ (বুধবার) ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া এলাকায় সরকারি রাস্তার পাশের বন বিভাগের ১৩টি গাছ অবৈধভাবে বিক্রয় /কেটে ফেলার চেষ্টা চালায় একটি চক্র। এলাকার চিহ্নিত কয়েকজন ব্যক্তি—মো. হাবিবুর রহমান ডাকুয়া, মো. বেলাল হোসেন আকন ও মো. হালিম যোগসাজশ করে সরকারি এই গাছগুলো আব্দুল আলিম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরবর্তীতে ক্রেতা আব্দুল আলিমের পাঠানো ৪জন শ্রমিক গাছগুলো কাটতে শুরু করেন।
গাছ কাটার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসান। তিনি অভিযান চালিয়ে বেলায়েত খান নামের এক শ্রমিককে হাতেনাতে আটক করে। এ সময় জব্দকৃত কাটা গাছ ও কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শ্রমিক বেলায়েত জানান, তিনি কেবল দিনমজুর হিসেবে গাছ কাটতে এসেছিলেন ক্রয় বিক্রয়ের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব আল মাসুদ বাদী হয়ে গত ২১ অক্টোবর ভাণ্ডারিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে আজ ২৬ অক্টোবর ২০২৬ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মোঃ হাবিবুর রহমান ডাকুয়া পিতা: মৃত সুলতান ডাকুয়া,উত্তর ভিটাবাড়িয়া তাহাকে গ্রেপ্তার করে।
ভাণ্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।