
বরিশাল মহানগরীতে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব বেপারি (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় এবং কোতোয়ালি মডেল থানার তত্ত্বাবধানে বগুড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় নগরীর মরকখোলা পোলের দক্ষিণ পাশে খান জাহানিয়া মসজিদের বিপরীতে পাকা সড়কের ওপর থেকে রাজিব বেপারিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক রাজিব বেপারি বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন দক্ষিণ পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি আ. রব বেপারি ও মোসা. শাহানারা বেগমের সন্তান।
এ ঘটনায় বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহফুজুর হাসান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নগরীতে তাদের অভিযান অব্যাহত থাকবে।