
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ যুবকের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে ২ খালাতো ভাই সাজিদুল হক সাজিদ ও সুনান মাঝীর জানাজা অনুষ্ঠিত হয়েছে একসঙ্গে। এতে স্বজন ও স্থানীয় বাসিন্দাসহ কয়েকশ মানুষ অংশ নেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাউখালী উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাজিদ ও সুনানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের মরদেহ নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুর্ঘটনায় নিহত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে সাজিদ ও সুনানের মরদেহ নিজ এলাকায় আনা হয়। পরে রাত সাড়ে ৯টায় জানাজা শেষে তাদের দাফন করা হয়।
অন্যদিকে, নিহত শান্ত রায়ের মরদেহ মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনেরা ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করেন।
নিহত ৩ যুবক হলেন— কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত রায় (২৩), কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদলের ছেলে সাজিদুল হক সাজিদ (২৩) এবং ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২১)।
গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে দুটি মোটরসাইকেল ও মালবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্ত, সাজিদ ও সুনানের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অপর ২ জন হলেন— কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার জয় (২৬)। তাদের মধ্যে জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মাহফুজুর রহমানের খুলনায় চিকিৎসা চলছে।
এদিকে, ৩ যুবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর—২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।