বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

র‍্যাবের ওপর হামলা, সাঁড়াশি অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার

র‍্যাবের ওপর হামলা, সাঁড়াশি অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার পর জড়িতদের ধরতে ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে রাত পর্যন্ত শহরের মাসদাইর, বোয়ালিয়া খাল ও গলাচিপা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাদা পোশাকে তথ্য সংগ্রহের সময় র‍্যাবের তিন সদস্য এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। এ সময় ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন র‍্যাব সদস্যকে জখম করে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হামলার খবর পেয়ে র‍্যাবের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং চিরুনি অভিযান শুরু করে। অভিযানের সময় বিভিন্ন গোপন আস্তানা থেকে মাদক এবং বিপুল ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অপরাধীদের শনাক্ত করতে ও গ্রেপ্তারে অভিযান এখনো অব্যাহত রয়েছে।

র‍্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, সাদা পোশাকে পেশাগত দায়িত্ব পালনকালে আমাদের সদস্যদের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এতে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিস্তারিত ফলাফল জানানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost