বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেফতার ২

চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেফতার ২

বরগুনার আমতলীতে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে দুইজনকে আটক করেছেন চালক ও স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয় এবং লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দেখায়।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন মো. মিল্টন হাওলাদার ও তার সহযোগী সুমন মৃধা। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, মিল্টন হাওলাদার আমতলী পৌর শ্রমিক দলের সভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁধঘাট চৌরাস্তা এলাকার সিএনজি স্ট্যান্ডে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন মিল্টন ও সুমন। এ সময় ক্ষুব্ধ চালক ও স্থানীয়রা মিলে তাদের আটকে রাখেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুজনকে হেফাজতে নেয়। পরে সন্ধ্যায় মো. আনোয়ারুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা আমতলী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাদের এই মামলায় গ্রেফতার দেখায়।

পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে অভিযুক্ত মিল্টন হাওলাদার ও সুমন মৃধার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন বলেন, ‘বিষয়টি জেনেছি। মো. মিল্টন হাওলাদারের বিরুদ্ধে যদি এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, ‘চাঁদা আদায়ের অভিযোগে স্থানীয় বাসিন্দা এবং সিএনজিচালিত অটোরিকশা ও আলফা চালকরা মিল্টন হাওলাদার ও সুমন মৃধা নামে দুজনকে আটক করে রাখেন। খবর পেয়ে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়ায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost