বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ঢাকা–বরিশাল মহাসড়ক-এর জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকার মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার নাতনি আরফা আক্তার (৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহন-এর একটি বাস (রেজি: ঢাকা মেট্রো—ব—১২—৩৬৭১) দ্রুত ও বেপরোয়া গতিতে চলাচল করছিল। এসময় রাস্তা পারাপারের সময় দুই পথচারীকে ধাক্কা দেয় বাসটি। এতে গুরুতর আহত হন রোকসানা ইয়াসমিন ও শিশু আরফা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো সেদিনও ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয় তারা। তার বাবা রুবেল কাজী মালয়েশিয়া প্রবাসী।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন জানান, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply