বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বিরুদ্ধে স্কুল ফিডিং কর্মসূচির ডিম ও পাউরুটি আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে। অভিযোগের বিষয়ে দেওয়া কৈফিয়তের জবাব সন্তোষজনক না হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে গতকাল (২৯ জুন) জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করে।
এর আগে গত ২৫ জুন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার ব্যাগে স্কুল ফিডিং কর্মসূচির ২৪টি ডিম ও ২২ পিস পাউরুটি পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। পরদিন ২৬ জুন প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম—রুটি শিরোনামে জাতীয় দৈনিক কালবেলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষিকার কাছে কারণ দর্শানোর নোটিশ (কৈফিয়ত তলব) জারি করেন।
নোটিশে উল্লেখ করা হয়, প্রকাশিত সংবাদে প্রধান শিক্ষিকার ব্যাগ থেকে স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী উদ্ধারের অভিযোগে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং বিভিন্ন মহলে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিলো।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষিকার লিখিত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশক্রমে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, স্কুল ফিডিং কর্মসূচির ডিম ও পাউরুটি আত্মসাতের অভিযোগ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছে।