
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরিশালে আয়োজিত ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্যসম্পদ বরিশাল বিভাগীয় জনসচেতনতা সভা-২০২৬’-এ জেলে ও সংশ্লিষ্টদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজির কার্যালয় বরিশালের পুলিশ সুপার (অপারেশন্স) কাজী মো. ছোয়াইব এবং বরিশালের পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।
তারা আরও বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলে ও সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য সরকারের দেওয়া সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় মৎস্য বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, জেলে প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।