
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে হেনস্তা করার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। এই অনাকাঙ্ক্ষিত হেনস্তার পেছনে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার বিকেল পৌনে ৪টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইল চেয়ারে বের হওয়ার সময় তোপের মুখে পড়েন ড. মুহাম্মদ ইউনূস।
এসময় পাশে লাগেজ হাতে ছিলেন অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।
সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। তখন হুইল চেয়ার ঘুরিয়ে মুহাম্মদ ইউনূসকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এসময় হেনস্তাকারীরা তার পিছে ছুটতে থাকেন; একজন চিৎকার করে বলতে থাকেন, ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ। ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট, হোয়াই ইউ কাম হিয়ার?… হোয়াই ডিড ইউ অ্যারেস্ট টু হান্ড্রেড থাউজ্যান্ড… হি কিল্ড থাউজ্যান্ড অব পুলিশ ইন মাই কান্ট্রি। হি ডেস্ট্রয় দ্য ডেমোক্রেসি ইন মাই কান্ট্রি…।
এদিকে ১১ থেকে ১৩ অক্টোবর বার্লিনে অনুষ্ঠেয় তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মুহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন।
সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে ইউরোপপ্রবাসীদের কয়েকটি সংগঠনের আপত্তির পর তার এ সিদ্ধান্তের কথা জানা যায়।