
প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামে এক তরুণ। পরে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তার (১৭) নামে এক কিশোরীর সঙ্গে পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে মাহির পরিবার।
ভারতীয় তরুণের বাংলাদেশে আসা এবং ১৭ বছর বয়সী কিশোরীর সঙ্গে বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিয়েটির আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে মাহি আক্তার পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে এবং বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।
মাহির পরিবারের সদস্যরা জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ট্যুরিস্ট ভিসায় একটি ফ্লাইটে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন।
পরদিন ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে এবং একজন মৌলভীকে ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে ফাইজানকে জামাতা হিসেবে বাড়িতে নিয়ে আসেন মাহির পরিবারের সদস্যরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহির মা শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
মাহি আক্তার জানায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রামের বন্ধু ফাইজান শাহর সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক থেকে সরে আসার জন্য বলা হলেও তারা যোগাযোগ অব্যাহত রাখেন। পরে বিয়ের উদ্দেশ্যে গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান।
মাহি আরও জানায়, গত এক বছরে প্রেমিকের কাছ থেকে এবং সিনেমা দেখে সে হিন্দি ভাষা শিখেছে। ফলে বর্তমানে তাদের মধ্যে ভাষাগত যোগাযোগে তেমন সমস্যা হচ্ছে না। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান বলেও জানায় মাহি।
ফাইজান শাহ জানায়, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত। তিন ভাইয়ের মধ্যে সে মেজো। তাদের প্রেমের বিষয়টি তার পরিবার মেনে নিয়েছে। ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছে এবং বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশে কাটাতে চায় বলেও জানায় সে।
মাহির মা শামীমা আক্তার বলেন, “মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। একপর্যায়ে উপায়ন্তর না পেয়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছি।”
স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় একজন তরুণ বাংলাদেশে এসে বিয়ে করে এখানে থেকে যেতে চাইছেন—বিষয়টি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রামপুলিশ বিষয়টি তাকে জানিয়েছেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মাহির বয়স ১৭ বছর হওয়ায় বিয়েটির আইনগত বৈধতা এবং নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন করা আনুষ্ঠানিকতার আইনগত অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।