মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বরগুনায় তিন বরফ কারখানায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

বরগুনায় তিন বরফ কারখানায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিনটি বরফ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বঙ্গোপসাগরে চলমান ৫৮ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করে বরফ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক। এর আগে সোমবার (৪ মে) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট সংলগ্ন মাস্টার আইস কারখানায় নির্ধারিত পাঁচটি বরফ বিক্রির অনুমতি থাকলেও একটি গাড়িতে ৩০টি বরফ সরবরাহ করা হচ্ছিল। এ ঘটনায় কারখানার মালিক সেলিম রেজাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার স্লুইস সংলগ্ন ভাইভাই আইস কারখানায় লাইসেন্স না থাকায় মালিক ক্ষিতীশ বালাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে কেবি আইস কারখানার লাইসেন্স নবায়ন না করে বরফ উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, অভিযানের সময় মৎস্য বিভাগের উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost