সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১ নম্বর আন্দারমানিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হারুনের স্ত্রী হাজেরা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, একই এলাকার কাঞ্চন সরদারের ছেলে নজরুল জোহরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান। এ সময় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তার বড় ভাই হারুন মসজিদের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় নজরুলকে প্রথমে মুলাদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পরামর্শ দেন। তবে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজিরহাট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।
এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী নাজনীন নাহার বাদী হয়ে কাজিরহাট থানায় হারুন, তার স্ত্রী হাজেরা বেগমসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর শনিবার রাতে অভিযুক্ত হাজেরা বেগমকে গ্রেফতার করেন।
কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত হারুনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য দিকও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার আসামি হওয়ায় হাজেরা বেগমকে রোববার আদালতে পাঠানো হয়েছে। এদিকে, মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় একজনকে কুপিয়ে হত্যার অভিযোগে পুরো এলাকায় শোক, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।