
ভোলার লালমোহনে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. আজগর (৫০)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
গ্রেপ্তার আজগর ভোলার লালমোহন থানাধীন ৮ নম্বর চরলক্ষী ওয়ার্ডের বাসিন্দা।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৬ সকালে লালমোহন থানাধীন কালমা ইউনিয়নের চরলক্ষী এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আজগরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে লালমোহন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আজগর পলাতক ছিলেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, বরিশালের অধিনায়কের নির্দেশনায় ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় ২২ নভেম্বর বিকেলে ভোলার বোরহানউদ্দিন থানাধীন মনিরাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় অভিযুক্ত মো. আজগরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮ কর্তৃপক্ষ।